স্টাফ রিপোর্টার: চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশে বৈদেশিক ঋণের অর্থ ছাড় উল্লেখযোগ্য হারে কমেছে। একই সময়ে বেড়েছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সোমবার (৩০ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই-ফেব্রুয়ারি সময়ে উন্নয়ন সহযোগীরা মোট ৩ দশমিক ০৫৩ বিলিয়ন ডলার, অর্থাৎ ৩০৫ কোটি ৩০ লাখ ডলার ঋণ ছাড় করেছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪ দশমিক ১৩৪ বিলিয়ন ডলার বা ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ ছাড় কমেছে ১ দশমিক ০৮১ বিলিয়ন ডলার।
ঋণ ছাড় কমলেও উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি কিছুটা বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ৪৩১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ৩৫৩ বিলিয়ন ডলার।
অন্যদিকে, এ সময়ে বৈদেশিক ঋণ পরিশোধের চাপও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে মোট ১১ দশমিক ৬৬৪ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১১ দশমিক ৩৩৫ বিলিয়ন ডলার।
সব মিলিয়ে ঋণ ছাড়ে ধীরগতি এবং পরিশোধের চাপ বৃদ্ধি অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/বাবি