স্টাফ রিপোর্টার:রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের নিচতলায় একাধিক দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত প্রায় পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, প্রথমে দুটি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও দুটি ইউনিট যোগ করা হয়। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় রাত ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভোর ৫টা ৫০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার আগে ভবনটি থেকে দীর্ঘক্ষণ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং মাঝে মধ্যে ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে পুরো বংশাল এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়।
স্থানীয়রা জানান, কেপি ঘোষ স্ট্রিটের গলিটি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় যানবাহন ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। ফলে ভবন থেকে প্রায় ২০-২৫ গজ দূরে গাড়ি রেখে দীর্ঘ পাইপ ব্যবহার করে আগুন নেভাতে হয়েছে।
আগুনের সময় এলাকায় ঘন ধোঁয়ার সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ারকর্মীদের বেগ পেতে হয়। আগুনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/বাবি