স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় জনদুর্ভোগ কমাতে এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ উচ্ছেদ অভিযানে নামছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হওয়া এ অভিযানে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা অবৈধ রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ও স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ট্রাফিক বিভাগের আটটি জোনের মধ্যে রমনা বিভাগ থেকে অভিযান শুরু হয়ে পরে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহানগরীর বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ও দোকানের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হবে।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, নির্দিষ্ট কিছু প্রভাবশালী ব্যবসায়ীর দখলদারত্বের কারণে সৃষ্ট যানজট নিরসনেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, এ অভিযান সাধারণ হকারদের বিরুদ্ধে নয়; বরং যারা সড়কের ওপর রেস্টুরেন্টের কিচেন, গ্রিল বা স্থায়ী স্থাপনা তৈরি করে জনপথ আটকে রেখেছেন, তাদের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, যেসব ব্যবসা প্রতিষ্ঠান বৈধ জায়গার বাইরে অতিরিক্ত অংশ ফুটপাত দখল করে ব্যবহার করছে, তা দখলমুক্ত করা হবে। পাশাপাশি হকারদের জন্য নির্ধারিত এলাকায় শিগগিরই হলিডে ও নাইট মার্কেট চালুর প্রস্তুতিও চলছে।
এর আগে গত ২৩ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট, ওয়ার্কশপ, আসবাবপত্র ও পোশাকের দোকানগুলো ফুটপাত ও মূল সড়কে কার্যক্রম সম্প্রসারণ করেছে। রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, গ্রিল ও কাবাব তৈরির মেশিন, ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি এবং আসবাবপত্র রাস্তার ওপর রাখায় পথচারীদের চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক ওয়ার্কশপ ফুটপাত ও সড়কের একটি লেন দখল করে গাড়ি মেরামত করছে। এতে পথচারীরা বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে চলাচল করছেন, ফলে নিরাপত্তা ঝুঁকি বাড়ার পাশাপাশি তৈরি হচ্ছে কৃত্রিম যানজট।
ডিএমপি জানিয়েছে, অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনাকারীদের দ্রুত মালামাল সরিয়ে নিতে হবে। অন্যথায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি