রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। এই প্রেক্ষাপটে দাবি আদায়ে দেশজুড়ে টানা ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।
বুধবার (১ এপ্রিল) সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, গ্যাস, পানি ও বিদ্যুতের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
নেতারা মনে করছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দ্রুত নবম পে স্কেল চালু করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি জেলা শহরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপর ১০ এপ্রিল উপজেলা, জেলা ও বিভাগীয় শহরগুলোতে শান্তিপূর্ণ আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংগঠনটি জানিয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করছে।
রিপোর্টার্স২৪/ঝুম