রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের একদিনের সিসি ক্যামেরার ফুটেজ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। বিষয়টি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি-কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, জানিয়েছেন ট্রাইব্যুনালের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা।
বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, গত বছরের ১৩ অক্টোবরের সিসি ফুটেজ তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা যায়নি।
তিনি জানান, এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম অভিযোগ করেছিলেন, আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার আসামি আফজালুলের পরিবারের একজন সদস্য একটি টাকার ব্যাগ নিয়ে গেছে।
ঘটনার সত্যতা খুঁজতে গিয়ে সেই দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। কিন্তু পরে তিনি দেখেন, ওই দিনের সিসিটিভি ফুটেজ হার্ডড্রাইভে নেই।
তানভীর জোহা আরও বলেন, প্রযুক্তি ব্যবহার করেও ওই ফুটেজ উদ্ধার করা যায়নি। প্রাথমিকভাবে দেখা গেছে, সিসলগগুলোতে যে হার্ডড্রাইভগুলোর থাকা প্রয়োজন ছিল, সেখানে কিছু পুরনো ও নতুন হার্ডড্রাইভ সংযোজিত বা রিপ্লেস করা হয়েছে। এছাড়া রেজিস্টার খাতাতেও অস্বাভাবিক কিছু চিহ্ন পাওয়া গেছে।
তিনি উল্লেখ করেন, এই ঘটনা তদন্তাধীন, এবং ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে ও প্রয়োজনীয় সুপারিশ (রিকমেন্ডেশন) দেবে। তাই এ বিষয়ে তিনি এখনই কোনো অগ্রিম মন্তব্য করতে পারছেন না। হার্ডড্রাইভ বদলের ঘটনার সুনির্দিষ্ট তারিখ তার মনে নেই, যদিও এটি গত বছরের ঘটনা। এই ঘটনায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি না, সে সম্পর্কেও তিনি জানান, তাঁর কাছে এখনই কোনো তথ্য নেই।
এদিকে, ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মূর্তাজা মজুমদার এর হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধারের কথাও জানান তানভীর জোহা। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হ্যাকারদের শনাক্ত করতে সক্ষম হলেও এখনও তাদের গ্রেপ্তার করতে পারেনি।
হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের বিষয়ে তিনি বলেন, আইপি অ্যাড্রেসটি প্রকাশ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্ধারণ করা হবে। তিনি বলেন, “যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়াধীন বিষয়, তাই আইনি উপায়ে আইপি অ্যাড্রেস পাওয়ার পরই এ বিষয়ে বক্তব্য দেওয়া সঠিক হবে।”
ফলে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি ও সিসি ফুটেজ সংক্রান্ত এই ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ ও সুপারিশ করবে।
রিপোর্টার্স২৪/ঝুম