স্টাফ রিপোর্টার: দেশে চলতি বছরের মার্চ মাসে মোট ১৯০ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫৭ জন, হত্যার শিকার ৪৭ জন ও রহস্যজনক মৃত্যু হয়েছে ১৭ জনের।
মঙ্গলবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মার্চ মাসে ৩৫ জন কন্যা ও ২২ জন নারীসহ মোট ৫৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৮ জন কন্যাসহ ১৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
এ ছাড়া ধর্ষণের পর ২ জন কন্যাসহ মোট ৫ জনকে হত্যা করা হয়েছে। একই সময়ে ৩ জন কন্যাসহ ৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
যৌন সহিংসতার শিকার হয়েছেন ১০ জন কন্যাসহ মোট ১২ জন। এর মধ্যে ৫ জন কন্যা যৌন নিপীড়নের শিকার, ৩ জন কন্যাসহ ৫ জন উত্ত্যক্তকরণের শিকার ও ২ জন কন্যা সাইবার সহিংসতার শিকার হয়েছেন।
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, মার্চ মাসে ৮ জন কন্যা ও ৩৯ জন নারীসহ মোট ৪৭ জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া ৫ জন কন্যা ও ১২ জন নারীসহ মোট ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
একই সময়ে ৪ জন কন্যাসহ ১৪ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে ১ জন কন্যাসহ ৫ জন আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়েছেন। এ ছাড়া ১ জন কন্যা আত্মহত্যার চেষ্টা করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, মার্চ মাসে যৌতুকের কারণে ৫ জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৩ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।
এ ছাড়া পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ জন। ১ জন কন্যা গৃহকর্মী হত্যার শিকার হয়েছেন। অপহরণ, শারীরিক নির্যাতন ও অগ্নিদগ্ধের ঘটনাও ঘটেছে।
মার্চে ২ জন কন্যাসহ ৫ জন অপহরণের চেষ্টার শিকার হয়েছেন। ১ জন কন্যাসহ ১২ জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া ৭ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। অন্যদিকে অ্যাসিড দগ্ধের শিকার হয়েছেন ১ জন নারী। ১ জন কন্যাসহ ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছেন, যার মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব