রিপোর্টার্স২৪ ডেস্ক: এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ দিন আজ। গ্যাসের দাম বাড়বে নাকি কমবে। এ নিয়ে জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে বৃহস্পতিবার(২ এপ্রিল)।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য আজ বিকেল ৩টায় ঘোষণা করা হবে। বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো নির্ধারিত এপ্রিল ২০২৬ মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী দেশের বেসরকারি পর্যায়ের এলপিজির দাম সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মূল্য নির্ধারণ করা হয়ে থাকে।
এর আগে, গত ২ মার্চ সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়, যা ভোক্তাদের জন্য স্বস্তির খবর ছিল।
অন্যদিকে, একই সময়ে অটোগ্যাসের দাম সামান্য কমানো হয়। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ৬১ টাকা ৮৩ পয়সা।
আজকের ঘোষণায় এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন দামও জানানো হবে, যা সরাসরি প্রভাব ফেলবে পরিবহন খরচসহ নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের ওপর।
এখন সবার নজর বিকেল ৩টার ঘোষণার দিকে নতুন মাসে গ্যাসের দামে স্বস্তি আসবে, নাকি বাড়বে ব্যয়, সেটিই দেখার অপেক্ষা।
রিপোর্টার্স২৪/ঝুম