রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর করতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর কাছে বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়, যা দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে।
প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এর সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তাটি তুলে দেন।
আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর পাঠানো চিঠিতে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি তুলে ধরা হয়েছে।
বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সংহতির কথাও পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ অবস্থানের প্রশংসা করে শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান দেশটিকে ‘ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে।
এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কূটনৈতিক এই বার্তা বিনিময়কে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম