রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার আগে বন্ধ থাকবে।
তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবার দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের বাইরে থাকবে।
সংগঠনটি আশা করছে, এই উদ্যোগ দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/ঝুম