| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যে সংকট ৩৪ দিনে শাহ আমানতে ২৩৯ ফ্লাইট বাতিল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১০:১৯:৫৭:পূর্বাহ্ন  |  ১৩৯৩৮০ বার পঠিত
মধ্যপ্রাচ্যে সংকট ৩৪ দিনে শাহ আমানতে ২৩৯ ফ্লাইট বাতিল

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জেরে আকাশপথে তৈরি হয়েছে চরম অস্থিরতা, যার সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। মাত্র ৩৪ দিনের ব্যবধানে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত এই বিমানবন্দর থেকে বাতিল করতে হয়েছে ২৩৯টি আন্তর্জাতিক ফ্লাইট।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অবনতির কারণে প্রতিনিয়তই ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে।

সর্বশেষ ১ ও ২ এপ্রিল (বুধ ও বৃহস্পতিবার) নতুন করে একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্য রুটে ৩টি আগমন (এরাইভাল) ও ৪টি প্রস্থান (ডিপার্চার) মিলিয়ে মোট ৭টি ফ্লাইট বাতিল করেছে। ইউএস-বাংলা এয়ারলাইনস বাতিল করেছে ৪টি ফ্লাইট। আর এয়ার আরাবিয়া শারজাহ রুটে ৪টি ফ্লাইট (২টি আগমন ও ২টি প্রস্থান) বাতিল করেছে।

তবে সবকিছুর মাঝেও সীমিত পরিসরে কিছু ফ্লাইট চালু রয়েছে। গত দুই দিনে মধ্যপ্রাচ্য রুটে বিভিন্ন এয়ারলাইনসের ১৪টি আগমন ও ১৩টি প্রস্থান ফ্লাইট কোনোভাবে পরিচালিত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট এখনো অনিশ্চয়তায় রয়েছে এবং স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারেনি।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী ও সাধারণ যাত্রীরা। হঠাৎ ফ্লাইট বাতিল ও অনিশ্চয়তার কারণে অনেকেই পড়েছেন চরম বিপাকে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা কাটার সম্ভাবনা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪