রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী সীমান্ত (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় সীমান্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে এবং তার বাবার নাম সদরুল আমিন। তিনি রাজধানীতে সাবলেট বাসায় বসবাস করতেন।
নিহতের চাচা রুহুল আমিন জানান, সীমান্ত তার রুমমেটের বরাতে গত রাত নয়টার পর থেকে নিজের কক্ষের দরজা বন্ধ করে রেখেছিলেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানানো হয়। মালিক দরজা ভেঙে সীমান্তকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রুহুল আমিন আরও জানান, হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ পাওয়া যায়। এই কারণে ধারণা করা হচ্ছে, সীমান্ত হয়তো বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে কেন এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি হাজারীবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম