রিপোর্টার্স২৪ ডেস্ক: ইডেন কলেজের ছাত্রী জান্নাতুল তাজরিয়া অরাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত বুধবার (১ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের পর এই নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে জান্নাতুল তাজরিয়া অরা বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কিভাবে আবু জাহিদ প্রোডাক্ট শুটের নাম করে তাকে বাসায় ডেকে শারীরিক নিপীড়ন চালিয়েছিলেন। তিনি বলেন, “প্রোডাক্ট শুটের জন্য আমি তার বাসায় গিয়েছিলাম। কিন্তু সে শুট না করে আমাকে বারবার মারধর করেছে, চুল টেনে ধরেছে এবং দরজা বন্ধ করে আটকে রেখেছে। আমি পালানোর চেষ্টা করেছি, কিন্তু বের হতে পারিনি।”
জান্নাতুল তাজরিয়া অরা উল্লেখ করেন, “আমাদের পরিচয় শুরু হয়েছিল গিটার শেখার মাধ্যমে। প্রথমে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু পরবর্তীতে সে সম্পর্ক অস্বীকার করতে শুরু করে এবং বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে। এরপরও প্রোডাক্ট শুটের নামে আমাকে ডেকেছিল এবং আগের ঘটনাগুলো পুনরায় ঘটিয়েছে।”
তিনি আরও বলেন, আমি নিজেকে রক্ষা করতে বাধ্য হয়েছিলাম। এখনও সে কোনো সম্পর্ক বা প্রতিশ্রুতি দিতে চায় না, অথচ প্রফেশনাল কারণে আমাদের মিশ্র যোগাযোগ চলছে। তার এই আচরণ পুনরায় আমার ওপর আঘাত হানার কারণ হয়েছে।
মামলার প্রেক্ষিতে অভিযুক্ত আবু জাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম