| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশকে স্বনির্ভর করা আমাদের অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১৯:৩০:০৪:অপরাহ্ন  |  ৬১৫৪৪৫ বার পঠিত
দেশকে স্বনির্ভর করা আমাদের অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশকে স্বনির্ভর করা এবং লক্ষ্মীপুরকে একটি স্বনির্ভর জেলায় রূপান্তর করা সরকারের নতুন অঙ্গীকার বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মাসে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের কৃষি, খাল খনন, নদী-নালা উন্নয়ন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়নের দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশেষ নজর ছিল। তার অনেক অসমাপ্ত কাজ এখনো বাকি রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-ও এসব উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চেষ্টা করেছিলেন।

তিনি দাবি করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং জনগণের পাশে থেকে প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট।

মন্ত্রী আরও বলেন, মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য সরকারের বরাদ্দ আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে, যা সরকারের উদারতা ও জেলেদের প্রতি সম্মানের প্রতিফলন।

লক্ষ্মীপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, মজুচৌধুরীর হাট এলাকায় খাস জমিতে একটি কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে এবং ইতোমধ্যে জরিপ কার্যক্রম শুরু হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় শিল্পকারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, ভবানীগঞ্জ-মতিরহাট সড়ক উন্নয়ন করা হলে লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা, চাঁদপুর, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ হবে এবং লক্ষ্মীপুর একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪