রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাজে বিভাজন ও বিদ্বেষের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের ওপর ভিত্তি করে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টি করতে চাইছে। আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। ঘৃণা নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের পথচলার মূল শক্তি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য একটি অনন্য উদাহরণ। ইসলাম ধর্মের পাশাপাশি এখানে সনাতন, খ্রিষ্টান ও বৌদ্ধধর্মের অনুসারীরাও মিশে আছে এবং দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছে। অতীতেও ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করার চেষ্টা হয়েছিল, কিন্তু তা রোধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
স্থানীয় সরকারমন্ত্রী খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সমর্থন ও সহযোগিতায় আমরা আগামীতে একটি সমৃদ্ধ সরকার গঠন করতে চাই। আমাদের সামনে অনেক কাজ রয়েছে, যা সবাইকে সঙ্গে নিয়ে সম্পন্ন করতে হবে।
রিপোর্টার্স২৪/ঝুম