সিনিয়র রিপোর্টার: দেশে হাম (হামের) পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। গত ২২ দিনে সারাদেশে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের।এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১০ জনের, আক্রান্ত হয়েছে ৯৭৪ জন।
রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে ৭ হাজার ৬১০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবচেয়ে বেশি হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত ৩ হাজার ২৫৯ জন শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪৬৮ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে ৬৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।
মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে, ৫৫ জন। এরপর রয়েছে ঢাকা বিভাগ, ১০ জন। এ সময় ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
রিপোর্টার্স২৪/সাইফ