| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সব নৌযান ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আসবে: প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ২১:১৬:১০:অপরাহ্ন  |  ১২৪৭৮৩ বার পঠিত
সব নৌযান ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আসবে: প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দেশের নৌপথকে নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক করতে সব নৌযানকে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, নৌযানের সুষ্ঠু নিবন্ধন, পরিচালনা এবং নৌপথে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হবে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটার জাহাজসমূহের জ্বালানি সংকট নিরসন বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান পরিচালনায় কোনো ধরনের জ্বালানি সংকট নেই এবং নৌপরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে ভবিষ্যতে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় নৌপরিবহন মন্ত্রণালয় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এর অংশ হিসেবে নৌযানসমূহে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে একটি কো-অর্ডিনেশন সেল গঠন করা হবে। এছাড়া জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় সভার আয়োজন করা হবে।

বর্তমান সরকার নৌ-চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে বদ্ধপরিকর উল্লেখ করে প্রতিমন্ত্রী দেশের নৌপথে চলাচলরত সব নৌযানকে আইন মেনে পরিচালনার আহ্বান জানান।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সবাইকে সংযমী ও সাশ্রয়ী হতে হবে। কোনো ধরনের অবৈধ মজুদ বা অপচয় বরদাশত করা হবে না।

মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা; নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪