| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলোচনা ছাড়াই ৮ মিনিটে ২ বিল পাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ০৩:০৩:০১:পূর্বাহ্ন  |  ১২২১৯৮ বার পঠিত
আলোচনা ছাড়াই ৮ মিনিটে ২ বিল পাস

সিনিয়র রিপোর্টার: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ এবং চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা দুটি অধ্যাদেশ বিল আকারে পাস করেছে জাতীয় সংসদ।

রোববার (৫ এপ্রিল) ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়। বিল দুটি নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। বিরোধী দলের সদস্যরাও কণ্ঠভোটে অংশ নেননি। সংসদের প্রথম দুটি বিল পাস হতে সময় লাগে মাত্র আট মিনিট।

পাস হওয়া একটি বিলে সরকারি কর্মচারীদের জন্য নতুন শাস্তিমূলক বিধান যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, বৈধ আদেশ অমান্য করা, সরকারি আদেশ-পরিপত্র বাস্তবায়নে বাধা দেওয়া, অন্য কর্মচারীকে প্ররোচিত করা, ছুটি ছাড়া সমবেতভাবে কর্মবিরত থাকা বা কর্মস্থলে উপস্থিত হতে বাধা দেওয়াকে ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ’ হিসেবে গণ্য করা হবে। এসব অপরাধে নিম্নপদে অবনমন, বাধ্যতামূলক অবসর ও বরখাস্তের বিধান রাখা হয়েছে।

বিলে আরও বলা হয়েছে, অভিযোগ গঠনের সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিস দিতে হবে। এরপর অভিযোগের ভিত্তি পাওয়া গেলে তিন কার্যদিবসের মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত কমিটিকে ১৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। দণ্ডপ্রাপ্ত কর্মচারী ৩০ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন।

অন্য বিলে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর বহাল রাখা হয়েছে। তবে যেসব পদে আগে থেকেই ৩২ বছরের বেশি বয়সসীমা নির্ধারিত আছে, সেগুলো আগের মতোই কার্যকর থাকবে। প্রতিরক্ষা কর্মবিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগবিধিও অপরিবর্তিত রাখা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সংসদে বিল দুটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত, আনুগত্য প্রতিষ্ঠা, বিশৃঙ্খলা প্রতিহত এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এ সংশোধন আনা হয়েছে। চাকরিপ্রার্থীদের বয়সসীমা বৃদ্ধির দাবি এবং নিয়োগবিধিতে বিদ্যমান জটিলতা দূর করতেই বয়সসীমা-সংক্রান্ত বিলটি পাস করা হয়েছে।

রাষ্ট্রপতির অনুমোদন পেলে বিল দুটি আইনে পরিণত হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪