| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিকাদান বন্ধ থাকায় হামের প্রাদুর্ভাব: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৮:২৪:০৮:অপরাহ্ন  |  ১১১৮৬৩ বার পঠিত
টিকাদান বন্ধ থাকায় হামের প্রাদুর্ভাব: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: দেশে গত সাড়ে পাঁচ বছর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ অধিবেশনের প্রথম অধিবেশনের নবম দিনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর অন্তর হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও গত সাড়ে পাঁচ বছর তা বাস্তবায়ন হয়নি। ফলে বিপুলসংখ্যক শিশু টিকার আওতার বাইরে থেকে যায় এবং বর্তমানে হামে আক্রান্ত হচ্ছে। তিনি আগের সরকারের নীতিগত ব্যর্থতা ও টিকার মজুদ সংকটকেও এর জন্য দায়ী করেন।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ৫ এপ্রিল থেকে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। প্রথম ধাপে ১৮টি জেলা ও ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় এ কর্মসূচি চালু হয়েছে।

তিনি আরও জানান, প্রথম দিনে ৭৬ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও ৭৩ হাজার শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে, যা প্রায় ৯৬ শতাংশ সাফল্য। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

পরবর্তী ধাপে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে এবং ৩ মে থেকে দেশের বাকি জেলাগুলোতে এ কর্মসূচি চালানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আক্রান্ত শিশুদের জটিলতা কমাতে ভিটামিন-এ ক্যাপসুল বিতরণ করা হচ্ছে এবং দেশের হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত ২৫০টি আইসোলেশন বেড স্থাপনের কাজ চলছে। এছাড়া স্বল্প ব্যয়ে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে আইসিডিডিআর,বি-এর উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি জানান, বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ-এর সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। করোনাকালে অব্যবহৃত ৬০৪ কোটি টাকা দিয়ে নতুন করে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে নিবিড় পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে বলেও সংসদকে জানান স্বাস্থ্যমন্ত্রী।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪