নিজস্ব প্রতিবেদক:
এবার পাকিস্তানে যাচ্ছে সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ চলচ্চিত্রটি। উর্দু ভাষায় ছবিটি ডাব করা হবে। এর আগেও অনেক বাংলাদেশি ছবি পাকিস্তানে মুক্তি পায়। তবে সাম্প্রতিক সময়ে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়াটা ফের সচল হয়।
এই দুটি ছবি মূলত বাংলা ভাষায় ইংরেজি সাব টাইটাইলে মুক্তি দেওয়া হয় দেশটিতে। এবার পাকিস্তানে বাংলাদেশি সিনেমাকে একেবারে উর্দুতে ডাব করে মুক্তি দেওয়া হচ্ছে। গেল ঈদুল ফিতরে দেশে সিনেমাটি মুক্তি পায়।
বাংলাদেশে প্রশংসার পর ‘জংলি’ আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারেও এক যোগে মুক্তি পায়।
পাকিস্তানে সিনেমাটি পরিবেশনা করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান।
সিনে এন্টারটেইনমেন্টের কর্ণধার আসিফ চৌধুরী হোয়াটসঅ্যাপেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আমি সিনে এন্টারটেইনমেন্টর আসিফ চৌধুরী। শিগগিরই আমরা জংলি সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাদেশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সব চুক্তি হয়ে গিয়েছে। এখন সিনেমাটির উর্দু ডাব চলছে। এর মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাব হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।’
এম রাহিমের পরিচালনায় ‘জংলি’র নাম ভূমিকায় আছেন সিয়াম। পাখি চরিত্রে রয়েছেন শিশু শিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এইসময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দীঘি। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তী প্রিন্স মাহমুদ। ‘জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।
সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি পাকিস্তানে মুক্তির বিষয়ে বলেন, “আমাদের সব আনুষ্ঠানিকতা শেষ। এখন ডাব চলছে। শিগগিরই পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে দর্শকদের ভালোবাসার ‘জংলি’।”
রিপোর্টার্স২৪/ধ্রুব