গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় তার ব্যবহৃত গাড়িতে ভাঙচুর চালানো হয়।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে গাজীপুর ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে ডিগ্রি তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী তার গাড়ি আটকে এ হামলা চালায় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপাচার্য ক্যাম্পাসে নিজ দপ্তর থেকে বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তার গাড়ি ঘিরে ধরে এবং ভাঙচুর চালায়। এ সময় উপাচার্য শারীরিকভাবে লাঞ্ছিত হন।
এর আগে গত বছরের ২১ মে একই দাবিতে আন্দোলনরত ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায়ও তিনি আহত হয়েছিলেন।ঘটনার পর উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ বলেন, শিক্ষার মান রক্ষায় অটোপাসের মতো অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার করবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি জানান, ভবিষ্যতে শিক্ষার গুণগত মান বজায় রাখতে অটোপাস ও গ্রেস নম্বর নিরুৎসাহিত করা হবে এবং এ বিষয়ে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি সতর্ক করে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটোপাস চালু হলে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি