স্টাফ রিপোর্টার: ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা (৩৭) গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সাওদাকে গ্রেপ্তার করা হয়েছে ভুয়া ফটোকার্ড শেয়ার এবং জ্বালানি তেল সংকট ইস্যুতে দেওয়া একটি স্ট্যাটাসের কারণে।
গ্রেপ্তারের ঘটনায় অনেকেই সাওদার মুক্তির জন্য পোস্ট দিচ্ছেন। বিশেষ করে মানবিক দিকটি তুলে ধরে বলা হচ্ছে, তাঁর তিন বছরের প্রতিবন্ধী সন্তান রয়েছে। বিষয়টি সামাজিক ও মানবাধিকার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার দাবি ওঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম সোমবার মধ্যরাতে একটি বিস্ফোরক স্ট্যাটাসে বলেন, ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে মধ্যরাতে নিজের বাসা থেকে তুলে নেওয়া পুরনো ফ্যাসিবাদী নিপীড়নের অনুকরণ। তিন বছরের প্রতিবন্ধী সন্তানসহ মাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা কেবল অমানবিক নয়, বরং নবগঠিত সরকারের ভিন্নমত দমনের সুপ্ত মনোভাবের প্রকাশ।
তিনি আরও বলেন, যারা একসময় ফ্যাসিবাদের শিকার হয়েছেন, তাদের শাসনামলে এমন অযৌক্তিক গ্রেপ্তার ও হয়রানি কখনো কাম্য নয়। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, বিবি সাওদাকে অবিলম্বে মুক্তি দিতে হবে ও সকল প্রকার প্রতিহিংসামূলক রাজনৈতিক হয়রানি বন্ধ করতে হবে।
জানা গেছে, রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিবি সাওদাকে। তিনি জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী। ঘটনার পর এলাকার মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন বিষয়টি মানবিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি