রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) যৌথ অভিযানায় শাহিনুর ইসলাম (৩০) নামের এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়দানকারী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আরএমপি মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার শাহিনুর নওগাঁর মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামের বাসিন্দা। তাকে সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর বক্ষব্যাধি হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযান চালায় আরএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও গোয়েন্দা শাখা (ডিবি) দল।
মুখপাত্র জানান, শাহিনুর নিজেকে ডিজিএফআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এডি) পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও নারীদের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং প্রভাব বিস্তার করতেন। অভিযানের সময় তার কাছ থেকে দুটি পরিচয়পত্র ও দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়। এক পরিচয়পত্রে লেখা ছিল ‘অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিজিএফআই’ এবং অন্যটিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ডিজিএফআই’।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিনুর স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা করতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের পর তা ভিডিও ধারণ করতেন। তার মোবাইল ফোনে বিভিন্ন নারীর অশালীন ছবি ও ভিডিও পাওয়া গেছে।
ঘটনার পর তার বিরুদ্ধে রাজপাড়া থানায় পর্নোগ্রাফি আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স/বাবি