| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার মামলায় ‘১২ হাজার কোটি টাকা লেনদেন’ দাবিকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৩:০২:৩৪:অপরাহ্ন  |  ৯৮৭৮৫ বার পঠিত
শেখ হাসিনার মামলায় ‘১২ হাজার কোটি টাকা লেনদেন’ দাবিকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবির ক্যাপশন: অভিযুক্ত এমএইচ পাটোয়ারি বাবু।

সিনিয়র রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাকে ঘিরে ১২ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় এমএইচ পাটোয়ারী বাবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পাশাপাশি ওই পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত অবমাননার অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

জানা যায়, তিন দিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন এমএইচ পাটোয়ারী বাবু। ওই পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরের ছবি সংযুক্ত করা হয়।

পোস্টে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনাকে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দিতে বিভিন্ন দেশ ও গোষ্ঠীর কাছ থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা গ্রহণ করা হয়েছে। এছাড়া ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েব করা এবং কম্পিউটারের হার্ডড্রাইভ পরিবর্তনের মতো গুরুতর অভিযোগও তোলা হয়।

পোস্টটিতে প্রায় ৬ হাজার ৭০০টি লাইক, ১ হাজার ৩০০টি মন্তব্য এবং ১ হাজার ৯০০টির বেশি শেয়ার হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ট্রাইব্যুনালের আদেশ পেয়ে মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালায় বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহার নেতৃত্বাধীন একটি পুলিশ দল। তবে অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর জোহা।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪