স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) অভিযানে রাজধানীর সায়েদাবাদে গোলাপবাগ এলাকায় আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন অনুমোদনহীন বাস কাউন্টার উচ্ছেদ অভিযান ও সিলগালা করেছে।
বুধবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এতে সংশ্লিষ্ট কাউন্টারগুলোকে ৩০ মিনিটের মধ্যে স্থান ও মালামাল খালি করার নির্দেশ দেওয়া হয়।
এ সময় অভিযান চলাকালে বেশ কিছু অনুমোদনহীন কাউন্টার সিলগালা করে দেওয়া হয় এবং অধিক বিলবোর্ড ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে অনুমোদনহীন গড়ে ওঠা এসব বাস কাউন্টার সড়ক ও ফুটপাত দখল করে যাত্রী চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। জনভোগান্তি কমাতে এবং নগর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে কাউন্টের মালিকরা বলেন, নির্ধারিত স্থানে পর্যাপ্ত জায়গা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। যাত্রীদের জন্য বসার ব্যবস্থা না থাকায় কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যার মুখে পড়তে হবে। সিটি কর্পোরেশন বা অন্য কেউ এটা সমাধান করছেন না।
অভিযানে ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, আমরা আজ গোলাপবাগ এলাকা থেকে আমাদের উচ্ছেদ অভিযান শুরু করেছি। আমাদের এই অভিযানের মূল লক্ষ্য হলো যাত্রী যাতায়াত এবং বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা।
তিনি আরো বলেন, আমরা চাচ্ছি অনেকটা বিমানবন্দরের আদলে বাস টার্মিনালগুলো পরিচালিত হোক, যেখানে যাত্রীরা একটি নির্দিষ্ট জায়গা থেকেই বাসে উঠবেন এবং সেখানেই নামবেন।
রিপোর্টার্স২৪/ফয়সাল