| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধবিরতির ঘোষণায় শেয়ারবাজারে উত্থান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ০১:০৫:০৬:পূর্বাহ্ন  |  ৯৫৭২৪ বার পঠিত
যুদ্ধবিরতির ঘোষণায় শেয়ারবাজারে উত্থান

স্টাফ রিপোর্টার: ইরানের যুদ্ধবিরতির ঘোষণার পর দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার (৮ এপ্রিল) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান মূল্যসূচক দেড় শতাধিক পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়ে প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বৈশ্বিক অস্থিরতার প্রভাবে সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছিল। তবে যুদ্ধবিরতির ঘোষণার পর পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় বাজারে ক্রয়চাপ বেড়েছে।

তাঁদের মতে, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি ও আমদানি ব্যয় বাড়ার আশঙ্কা থাকে, যা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করে। কিন্তু যুদ্ধবিরতির ফলে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতার সম্ভাবনা তৈরি হওয়ায় স্থানীয় বিনিয়োগকারীরাও আশাবাদী হয়ে উঠেছেন।

একটি শীর্ষ ব্রোকারেজ হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দীর্ঘদিনের মন্থরতা কাটিয়ে বাজারে গতি ফিরতে শুরু করেছে। বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ডিএসইর এক সদস্য বলেন, এই ঊর্ধ্বগতি ধরে রাখতে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং আস্থার পরিবেশ জোরদার করা জরুরি। পাশাপাশি মুদ্রাস্ফীতি, সুদের হার ও বৈদেশিক মুদ্রার পরিস্থিতির মতো অভ্যন্তরীণ অর্থনৈতিক সূচকও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনভর লেনদেনে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে দেখা যায়। ফলে দিনশেষে সব কটি মূল্যসূচকই ঊর্ধ্বমুখী থাকে। ডিএসইতে দাম বেড়েছে ৩৬৭টি প্রতিষ্ঠানের, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।

অধিকাংশ লভ্যাংশ প্রদানকারী কোম্পানির শেয়ারদামও বেড়েছে। ‘জেড’ শ্রেণিভুক্ত কোম্পানিগুলোর মধ্যেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩০টির দাম বেড়েছে, কোনো ফান্ডের দাম কমেনি।

দিন শেষে ডিএসইএক্স সূচক ১৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে উঠেছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৯১ কোটি ৫৯ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৫৯৭ কোটি ১ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩৯৪ কোটি ৫৮ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। এরপর রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট ও সিটি ব্যাংক। এছাড়া শীর্ষ লেনদেনের তালিকায় একমি পেস্টিসাইড, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, টেকনো ড্রাগস, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও কেডিএস অ্যাকসেসরিজ রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩২৮ পয়েন্ট বেড়েছে। এ বাজারে লেনদেনে অংশ নেওয়া ২০২ প্রতিষ্ঠানের মধ্যে ১৭৭টির দাম বেড়েছে, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির। মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ২৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ২৬ কোটি ৮৩ লাখ টাকা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪