বগুড়া ও শেরপুর প্রতিনিধি : বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের স্থগিত থাকা নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুই আসনের বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
বগুড়া-৬ আসনে ভোটাররা সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে পৌরসভা এলাকায় ৮৬টি এবং ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর আগে বুধবার প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রগুলোতে নির্বাচনি সামগ্রী সংগ্রহ করেন।
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করা হচ্ছে।
অন্যদিকে, শেরপুর-৩ আসনের ১২৮টি কেন্দ্রেও একই সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের মোবাইল টিম কাজ করছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা। সিসিটিভির পাশাপাশি কিছু কেন্দ্রে পুলিশের বডিওন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও সন্তোষজনক রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি