আদালত প্রতিবেদক : জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সাজাপ্রাপ্ত আসামিরা রায়ের প্রতিবাদ জানিয়ে হট্টগোল করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। রায় শেষে ট্রাইব্যুনাল কক্ষ থেকে বের হওয়ার সময় আসামিরা উত্তেজিত হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা দায়িত্বরত পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তৎপর হয়।
হট্টগোলের সময় আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।
ঘটনার পরপরই ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।
রিপোর্টার্স২৪/ এম এইচ