| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্লাস্টিকের হেলমেট দেখলেই ভাঙছে পুলিশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ১৫:৩৩:৪৭:অপরাহ্ন  |  ৯২৭৭৯ বার পঠিত
প্লাস্টিকের হেলমেট দেখলেই ভাঙছে পুলিশ

রিপোর্টার্স ডেস্ক: রাজধানীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানসম্মত হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ। সড়কে চলাচলের সময় মোটরচালিত যানের আরোহীদের মাথায় নিম্নমানের প্লাস্টিক হেলমেট দেখলেই তা ভেঙে দিচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান-২ এলাকায় ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলীর নেতৃত্বে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চালক ও আরোহীদের ব্যবহৃত বেশ কিছু অনিরাপদ প্লাস্টিক হেলমেট ধ্বংস করা হয়।

ট্রাফিক গুলশান বিভাগ জানায়, অনেক মোটরসাইকেল চালক ও আরোহী ট্রাফিক পুলিশের জরিমানা বা আইন এড়ানোর উদ্দেশ্যে দায়সারাভাবে অত্যন্ত নিম্নমানের প্লাস্টিক হেলমেট ব্যবহার করেন। কিন্তু সড়ক দুর্ঘটনার সময় এসব হেলমেট কোনো সুরক্ষা দিতে পারে না; বরং অনেক ক্ষেত্রে হেলমেট ভেঙে আরোহীর মাথা ও চোখে বিদ্ধ হয়ে গুরুতর আঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিপরীতে, মানসম্মত ও অনুমোদিত হেলমেট জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখে।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলীর নেতৃত্বে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।  

অভিযান শেষে ট্রাফিক গুলশান বিভাগের ডিসি মিজানুর রহমান শেলী বলেন, আইন মানা শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, বরং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য জরুরি। জীবন বাঁচাতে সবাইকে ‘ভুয়া’ ও অনিরাপদ প্লাস্টিক হেলমেট বর্জন করে অনুমোদিত ও সার্টিফাইড হেলমেট ব্যবহারের আহ্বান জানাই।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও আরোহীদের সচেতন হওয়ার পাশাপাশি কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পুলিশের এই উদ্যোগকে প্রতীকী হিসেবে উল্লেখ করে তিনি আরও জানান, দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে মানসম্মত হেলমেট ব্যবহারের কোনো বিকল্প নেই।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪