| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিক্ষাবৃত্তির জন্য অঙ্গহানি: ৩ জনের আমৃত্যু, ২ জনের ১০ বছর কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ২৩:৩৩:৫০:অপরাহ্ন  |  ৮৭৪৪৬ বার পঠিত
ভিক্ষাবৃত্তির জন্য অঙ্গহানি: ৩ জনের আমৃত্যু, ২ জনের ১০ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: ১৬ বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় সাত বছরের এক শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি করানোর ঘটনায় হওয়া মামলায় তিন আসামিকে আমৃত্যু এবং দুইজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সালাউদ্দিন, মো. শরিফুল ইসলাম ওরফে কোরবান মিয়া ও খন্দকার ওমর ফারুক। বয়স বিবেচনায় দুই আসামি মো. রমজান ও সাদ্দামকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাউসার ও নাজমা আক্তার নামে দুজনকে খালাস দেওয়া হয়।

রায়ে আসামিদের স্থাবর/অস্থাবর সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রয় পূর্বক অর্থদণ্ডের টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আসামি শরিফুল ইসলাম ও খন্দকার ওমর ফারুক কারাগারে আছেন। সালাউদ্দিন, রমজান ও সাদ্দাম পলাতক। তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনোয়ারুল আমিন চৌধুরী (হারুন) এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৬ মে কামরাঙ্গীরচর এলাকা থেকে সাত বছরের এক শিশুকে ঘর থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। তাদের পরিকল্পনা ছিল শিশুটিকে আজীবনের জন্য পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করা। এই উদ্দেশ্যে তারা নির্জন স্থানে নিয়ে শিশুটির লিঙ্গ কর্তন করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের ১৫ মে মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আব্দুল বাতেন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটির বিচারকালে মোট ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪