স্টাফ রিপোর্টার: দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচদিনের ছুটি শুরু হচ্ছে। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত, এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচদিন বন্ধ থাকবে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এ তিনটি সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে দীর্ঘ বিরতির সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ দিয়ে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত এই তিনদিন তাদের স্কুল ও কলেজ শাখার সব ধরনের শ্রেণি কার্যক্রম ও দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।
ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।