| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১২:৪৮:৫৮:অপরাহ্ন  |  ৫৫০৯০০ বার পঠিত
মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে রোড সেফটি ফাউন্ডেশন-এর মার্চ মাসের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, এক মাসে সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন প্রাণ হারিয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে সংস্থাটি জানায়, মার্চ মাসে সারা দেশে মোট ৫৭৬টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। নিহতদের মধ্যে নারী ৬৬ জন এবং শিশু ৯৮ জন।

একই সময়ে নৌ ও রেলপথেও প্রাণহানির ঘটনা ঘটেছে। ১৪টি নৌ দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ৪৮টি রেল দুর্ঘটনায় ৬৭ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মোটরসাইকেল ব্যবহারকারীদের মধ্যে ২০৪ জন। এরপর তিন চাকার যানবাহনে ৯৪ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাসে ৪৬ জন এবং বাসে ৪৫ জন নিহত হন।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার বড় অংশ ঘটেছে জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে। মোট দুর্ঘটনার মধ্যে ১৭১টি মহাসড়কে এবং ২৬৪টি আঞ্চলিক সড়কে সংঘটিত হয়েছে। বেশিরভাগ দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করা হয়েছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ১২৬টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪৬টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হন।

সংস্থাটির বিশ্লেষণে বলা হয়, মার্চ মাসে প্রতিদিন গড়ে ১৭ জনের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, যা ফেব্রুয়ারির তুলনায় ১১ শতাংশেরও বেশি বৃদ্ধি।

প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল সড়ক অবকাঠামো, অতিরিক্ত গতি, চালকদের অদক্ষতা এবং শারীরিক ও মানসিক অসুস্থতা।

রোড সেফটি ফাউন্ডেশন প্রযুক্তিনির্ভর নজরদারি, চালকদের প্রশিক্ষণ ও সড়কে শৃঙ্খলা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪