| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাপ্লাই চেইন আসবে এআই মডেলে, বাজার সিন্ডিকেট চিরতরে দূর হবে: বাণিজ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৬:৪৮:৩৪:অপরাহ্ন  |  ৬৯৮০১ বার পঠিত
সাপ্লাই চেইন আসবে এআই মডেলে, বাজার সিন্ডিকেট চিরতরে দূর হবে: বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দীর্ঘদিনের সিন্ডিকেট নির্ভরতা দূর করতে বড় ধরনের উদ্যোগের কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।

তিনি বলেছেন, পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের আওতায় আনা হবে, যার মাধ্যমে বাজার মনিটরিং আরও কার্যকর হবে এবং সিন্ডিকেট সংস্কৃতি চিরতরে বন্ধ করা সম্ভব হবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে টিলাগড় পয়েন্ট এলাকায় ‘কৃষকের হাট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নতুন এই ব্যবস্থায় আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত থাকবে। এতে বাজারে পণ্যের সরবরাহ, মূল্য ও লেনদেনের তথ্য রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা যাবে, যা বাজারে অস্থিরতা কমাতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, সরকারের ভর্তুকি নির্ভর কার্যক্রমও ধীরে ধীরে পুনর্বিন্যাস করা হবে। বর্তমানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে বছরে প্রায় ৩২০০ থেকে ৩৩০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে কম দামে খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে এই ভর্তুকির পরিমাণ কমিয়ে এনে বাজারে সরাসরি হস্তক্ষেপ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি বাংলাদেশ থেকে চিরতরে দূর করা হবে।

এদিকে ‘কৃষকের হাট’ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তাদের মতে, এই ব্যবস্থার মাধ্যমে প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন, ফলে তারা ন্যায্য মূল্য পাবেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাজারের মূল লক্ষ্য হলো মাঠপর্যায়ের কৃষক ও শহরের সাধারণ ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা। প্রতিদিন সকালে নির্ধারিত স্থানে এই হাটের কার্যক্রম পরিচালিত হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং দীর্ঘদিনের অস্থিরতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪