রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশজুড়ে গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের রোববার সকালের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের দু-একটি এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গত কয়েক দিন ধরেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে এবং আজও তা অব্যাহত থাকতে পারে। কিছু এলাকায় অস্থায়ীভাবে তাপপ্রবাহও দেখা দিতে পারে বলে তিনি সতর্ক করেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতায় দিনভর গরমের অনুভূতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম