| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিকাদান সফল হলে হামের প্রাদুর্ভাব কমবে: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১৫:২৭:৪২:অপরাহ্ন  |  ৫৮০৭৫ বার পঠিত
টিকাদান সফল হলে হামের প্রাদুর্ভাব কমবে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হওয়া হামের টিকাদান কর্মসূচির মাধ্যমে নির্ধারিত লক্ষ্য পূরণ করা গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্মেলন কক্ষে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টিকাদান কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে। ঢাকার দুই সিটিতে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী টিকা দেওয়া গেলে সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

তিনি আরও বলেন, সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, এ বিষয়ে সরকার ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে। তবে জনসচেতনতা ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না।

এদিকে রাজধানীর কড়াইল এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, এই জরুরি ক্যাম্পেইন সফল করতে হলে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। তিনি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে নিজ নিজ এলাকায় সচেতনতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ৫৯ মাস বয়স পর্যন্ত শিশুদের টিকা নিশ্চিত করা জরুরি। গোষ্ঠীগত রোগ প্রতিরোধ (হার্ড ইমিউনিটি) গড়ে তুলতে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে হবে, যাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার সুযোগ না থাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮ জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণসহ চারটি সিটি করপোরেশন এলাকায় এই কার্যক্রম শুরু হলো।

ঢাকার দুই সিটিতে প্রায় ১২ লাখ ২০ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (ছুটির দিন ছাড়া) টিকাদান কার্যক্রম চলবে। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এই কর্মসূচি সম্প্রসারিত হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪