| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে তৎপর সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১৫:৫৫:৪৬:অপরাহ্ন  |  ৫৭৯৭৩ বার পঠিত
মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে তৎপর সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, সরকার চায় স্বল্প খরচে ও স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারুক। এ জন্য দেশটির কর্তৃপক্ষকে সিন্ডিকেটমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব দেখা গেছে, যা শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে আশাব্যঞ্জক।

কবে নাগাদ শ্রমিক পাঠানো শুরু হবে এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন এবং যত দ্রুত সম্ভব এটি চালুর জন্য কাজ চলছে।

মামলা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ আইনের শাসনে বিশ্বাস করে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে, একইসঙ্গে নির্দোষরা ন্যায়বিচার পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ প্রসঙ্গে তিনি বলেন, এটি নতুন কোনো সিন্ডিকেট তৈরির উদ্যোগ নয়; বরং নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত এজেন্সি নির্বাচন করা হবে। এই ব্যবস্থা শুধু বাংলাদেশের জন্য নয়, মালয়েশিয়ার অন্যান্য শ্রম রপ্তানিকারক দেশগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে অভিবাসন ব্যয় কমানো, বেশি সংখ্যক কর্মীর বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা এবং দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দেওয়া।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪