| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজ পালনে শুধুমাত্র হজ ভিসা বৈধ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ০৯:৩৩:০৯:পূর্বাহ্ন  |  ৫২৯৪৩ বার পঠিত
হজ পালনে শুধুমাত্র হজ ভিসা বৈধ

স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের ক্ষেত্রে শুধু ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের সরকারিভাবে অনুমোদিত একমাত্র পথ হলো হজ ভিসা।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এসব ভিসাধারীকে হজের অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।

সৌদি আরবে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে হজের নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে বুকিং সম্পন্ন করে হজের অনুমতিপত্র নিতে হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজের সব ধরনের সরকারি রিজার্ভেশন বা বুকিং কেবল অনুমোদিত মাধ্যমেই করতে হবে। অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে হজের বুকিং না করতে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

প্রতি বছর হজ মৌসুমে অসাধু চক্র সাধারণ মানুষকে অবৈধভাবে হজে পাঠানোর প্রলোভন দেখায়। এ ধরনের প্রতারণা ঠেকাতেই এ সতর্কতা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে। হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪