স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এখন আলোচনার কেন্দ্রে সংরক্ষিত নারী আসন। বিশেষ করে বিএনপি থেকে কারা সংসদে যাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক ও আইনজীবী মহলে চলছে বিশ্লেষণ।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত আসনের মনোনয়ন দৌড়ে শীর্ষ নেতৃত্বের বিবেচনায় রয়েছেন সুপ্রিম কোর্টের চার নারী আইনজীবী—অ্যাডভোকেট জাকিয়া হূমায়রা তমা, অ্যাডভোকেট মেহবুবা আক্তার জুই, অ্যাডভোকেট রুনা লায়লা এবং অ্যাডভোকেট মিনা বেগম মিনি।
জাকিয়া হূমায়রা তমা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয়। দলের দুঃসময়ে আইনি অঙ্গনে তার ভূমিকা তাকে এগিয়ে রেখেছে।
মেহবুবা আক্তার জুই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শিক্ষা বিষয়ক সম্পাদক। তরুণ নেতৃত্ব হিসেবে তার গ্রহণযোগ্যতা এবং প্রশিক্ষণভিত্তিক অভিজ্ঞতা তাকে আলোচনায় রেখেছে।
অ্যাডভোকেট রুনা লায়লা সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ার পাশাপাশি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভানেত্রী। মাঠপর্যায়ের রাজনীতি ও গণমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে তার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে মিনা বেগম মিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নারীদের আইনি অধিকার রক্ষায় তার দীর্ঘদিনের কাজ দলীয়ভাবে প্রশংসিত।
সংরক্ষিত নারী আসনগুলো সাধারণ আসনের আনুপাতিক হারে বণ্টিত হয়। এবারের নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পাওয়ায় ৫০টি সংরক্ষিত আসনের বড় অংশই তাদের ভাগে যাচ্ছে।
দলীয় সংসদীয় বোর্ড চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীর অতীত সংগ্রাম, দলের প্রতি ত্যাগ, পেশাগত দক্ষতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থাকে গুরুত্ব দিচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে দক্ষ আইনজীবীদের অন্তর্ভুক্তি আইন প্রণয়ন ও নীতিনির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে চূড়ান্ত তালিকা নির্ধারিত সময়েই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর।
রিপোর্টার্স২৪/বাবি