রিপোর্টার্স২৪ ডেস্ক: গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশ নতুন করে সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়বে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে কিনোট পেপার উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে শিশির মনির বলেন, বিশ্বের কোথাও কি গণঅভ্যুত্থান সংবিধান মেনে হয়? এটি সংবিধানের বাইরে থেকে ঘটে এবং পরে সেটিকে রাজনৈতিকভাবে সমাধান করতে হয়। কিন্তু এখন বিষয়টিকে আদালতের আওতায় নিয়ে যাওয়া হয়েছে, যা সংকট আরও বাড়াচ্ছে।
তিনি বলেন, আগামী ১৯ তারিখ আদালত খুললে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের বিষয়টি উত্থাপিত হবে। আদালত যদি দৃঢ় অবস্থান নেয়, তবে সরকারের বিরুদ্ধে রায় দেওয়া উচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
সংবিধান সংস্কারের প্রক্রিয়া তুলে ধরে এই আইনজীবী বলেন, গণভোটের ফল মেনে নিয়ে ১৮০ দিনের জন্য সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকতে হবে। এরপর পার্লামেন্টকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে ভাগ করে উচ্চকক্ষে ১০০ জন সদস্য আনুপাতিক ভোটের ভিত্তিতে অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি।
তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক বিভিন্ন দেশের উদাহরণ পর্যালোচনা করে দেখা যায় গণভোটের রায় সরকার না মানার নজির খুবই বিরল।
আদালত ও রাজনৈতিক ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনৈতিকভাবে চালু হলেও পরে আদালতের মাধ্যমে তা বাতিল করা হয়, যা দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে।
সরকারের উদ্দেশে কঠোর ভাষায় শিশির মনির বলেন, “আপনারা ওপর দিকে চেয়ে থুতু দিচ্ছেন, সেটি একসময় ঘুরে নিজেদের গায়েই পড়বে।”
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রিপোর্টার্স২৪/ঝুম