| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৩:৪৪:০০:অপরাহ্ন  |  ৫৩৭৪১৩ বার পঠিত
টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

রিপোর্টার্স২৪ ডেস্ক: হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে শিশুদের জন্য বরাদ্দ টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া এবং শিশু মৃত্যুর ঘটনায় টিকা সংকট ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় অনিয়ম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আবেদনকারীদের মতে, টিকা ও সিরিঞ্জ ক্রয় ও বিতরণ প্রক্রিয়ায় অনিয়ম বা অর্থ আত্মসাৎ হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তে বের করা প্রয়োজন।

তারা আরও দাবি করেন, সরকারি স্বাস্থ্য খাতে অনিয়মের কারণে এমন সংকট তৈরি হয়ে থাকতে পারে, যা সরাসরি জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা অভিযোগের ভিত্তিতেও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

আবেদনে আরও বলা হয়, সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম-সহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের আওতায় আনা প্রয়োজন।

বর্তমান সরকারের পক্ষ থেকেও টিকা সংকটকে পূর্ববর্তী প্রশাসনের সময়কার সমস্যার ফল হিসেবে উল্লেখ করা হয়েছে বলে আবেদনে দাবি করা হয়।

আবেদনকারীরা বলেন, শিশুদের স্বাস্থ্যসুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে অনিয়ম হয়ে থাকলে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি। দায়ীদের আইনের আওতায় না আনলে ভবিষ্যতে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।

দুদক সূত্র জানিয়েছে, আবেদনটি প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪