ঢাবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হবে। উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যে এ বছর বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হবে। সকাল ৮টা থেকে শোভাযাত্রার প্রস্তুতি চলবে।
শোভাযাত্রাটি চারুকলা অনুষদের উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানা হয়ে রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ঘুরে দোয়েল চত্বর ও বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। অংশগ্রহণকারীদের নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে বলা হয়েছে। শোভাযাত্রা চলাকালে অন্যান্য প্রবেশপথ বন্ধ থাকবে।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অংশগ্রহণকারীদের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শোভাযাত্রায় কোনো ধরনের মুখোশ পরে অংশ নেওয়া, ব্যাগ বহন, ইংরেজি প্ল্যাকার্ড ব্যবহার, বেলুন-ফেস্টুন ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। তবে চারুকলা অনুষদে তৈরি মুখোশ হাতে বহন করা যাবে।
এবারের শোভাযাত্রায় পাঁচটি মোটিফ—মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া—প্রদর্শিত হবে, যা শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপিত হবে। এছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় জাতীয় সংগীতসহ বিভিন্ন দেশাত্মবোধক গান শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ করবে। প্রায় ২০০ শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করবেন।
নিরাপত্তার অংশ হিসেবে ক্যাম্পাসে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করা হয়েছে। ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম ও অস্থায়ী মেডিকেল ক্যাম্প থাকবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল পাবলিক টয়লেটও স্থাপন করা হবে।
নববর্ষের দিন বিকেল ৫টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে হবে এবং ওই সময় পর্যন্তই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি থাকবে। এদিন ক্যাম্পাসে কোনো যানবাহন চলাচল ও মোটরসাইকেল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এদিকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোমবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চারুকলা অনুষদের বকুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে লোকসংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। এছাড়া ১৫ ও ১৬ এপ্রিল ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি