| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১০:২২:৩৬:পূর্বাহ্ন  |  ৫০২৯৫ বার পঠিত
বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক: পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনভর সতর্ক অবস্থানে থেকে নজরদারি জোরদার করেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই চারুকলা অনুষদ ও আশপাশের এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা তৎপরতা। ক্যাম্পাসে প্রবেশপথগুলোতে বসানো হয়েছে ব্যারিকেড, চালানো হচ্ছে তল্লাশি এবং সীমিত করা হয়েছে প্রবেশাধিকার। পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থী ও দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে পুলিশ, র‍্যাব, ডিবি ও সোয়াট সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও ভিড়ের মধ্যে সতর্ক নজর রাখতে দেখা গেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং বাড়ানো হয়েছে টহল কার্যক্রম।

বিশেষ করে দোয়েল চত্বর, টিএসসি এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেখানে শোভাযাত্রা ঘিরে মানুষের সমাগম বেশি দেখা যায়।

এদিকে, সকাল ৯টায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা। চারুকলা অনুষদ ৩ নম্বর (উত্তর) গেট থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি শাহবাগ থানা সংলগ্ন এলাকায় গিয়ে ইউটার্ন নেয়। পরে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

উৎসবমুখর পরিবেশে হাজারো শিক্ষার্থী, সংস্কৃতিপ্রেমী ও দর্শনার্থীর অংশগ্রহণে বর্ণিল হয়ে উঠেছে ক্যাম্পাস, তবে নিরাপত্তার কঠোর বলয়ে পুরো আয়োজন চলছে শৃঙ্খলাবদ্ধভাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪