রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের তিন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ অঞ্চল, কুমিল্লা অঞ্চল ও সিলেট অঞ্চলর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে ছোট নৌযান চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি নৌযান চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/ঝুম