| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমনায় এক প্লেট পান্তা-ইলিশ ৬০০ টাকা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৩:১১:৪৫:অপরাহ্ন  |  ৫৩৩৮৫২ বার পঠিত
রমনায় এক প্লেট পান্তা-ইলিশ ৬০০ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক রমনা পার্কে একসময়কার প্রাণবন্ত পান্তা-ইলিশ উৎসবের চিত্রে এবার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। আগের বছরগুলোর মতো অস্থায়ী দোকানের সারি না থাকলেও একটি নির্দিষ্ট রেস্টুরেন্টে চড়া দামে বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী এই খাবার।

সরেজমিনে দেখা গেছে, পুরো রমনা পার্কে অস্থায়ী দোকান বসেনি। কেবলমাত্র একটি রেস্টুরেন্টে পান্তা-ইলিশ পাওয়া যাচ্ছে, যেখানে এক প্লেট পান্তা-ইলিশ বিক্রি করা হচ্ছে ৬০০ টাকায়।

এক সময় বৈশাখ বরণে রমনা পার্কজুড়ে অস্থায়ী দোকানে পান্তা-ইলিশের পসরা সাজানো থাকত, কিন্তু এ বছর সেই দৃশ্য অনুপস্থিত। এতে করে উৎসবে আসা অনেক দর্শনার্থীর মধ্যে হতাশা দেখা গেছে।

পার্কের স্থায়ী একটি রেস্টুরেন্টে ‘মি. কুক রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং’-এর পক্ষ থেকে প্যাকেজ আকারে পান্তা-ইলিশ বিক্রি করা হচ্ছে। প্যাকেজে দেওয়া হচ্ছে অল্প পরিমাণ পান্তা ভাত, ছোট আকারের ইলিশের একটি টুকরো, এক টুকরো বেগুন ভাজি এবং ওয়ান টাইম প্লেট।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, এ বছর ইলিশের দাম বেশি হওয়ায় এবং সরবরাহ কম থাকায় প্যাকেজের দাম তুলনামূলকভাবে বেশি নির্ধারণ করা হয়েছে। তারা ৫০০ গ্রামের কিছুটা বড় আকারের ইলিশ কিনে প্যাকেজ তৈরি করছেন বলে দাবি করেন।

ভোক্তাদের অভিযোগ, একদিকে ঐতিহ্যবাহী অস্থায়ী দোকান না থাকা, অন্যদিকে একমাত্র বিকল্প রেস্টুরেন্টে চড়া দাম সব মিলিয়ে এবারের পান্তা-ইলিশ অভিজ্ঞতা অনেকটাই ভিন্ন। অনেকেই বলেন, সন্তানের আবদার পূরণ করতে বাধ্য হয়েই বাড়তি দামে খাবারটি কিনতে হচ্ছে।

এ বছর মার্চ-এপ্রিলে দুই মাসের নিষেধাজ্ঞা এবং বাজারে ইলিশের সীমিত সরবরাহের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়া ইলিশের উচ্চ দামের কারণে ব্যবসায়ীরাও অস্থায়ী দোকান বসাতে আগ্রহ দেখাননি।

সব মিলিয়ে এবারের পহেলা বৈশাখে রমনার পান্তা-ইলিশ উৎসব ঐতিহ্য ও বাস্তবতার টানাপোড়েনে ভিন্ন এক রূপ নিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪