| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছুটির দিনেও পাম্পে উপচে পড়া ভিড়, বিপাকে নগরবাসী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৩:২০:৪১:অপরাহ্ন  |  ৪৭৮২৫ বার পঠিত
ছুটির দিনেও পাম্পে উপচে পড়া ভিড়, বিপাকে নগরবাসী

রিপোর্টার্স২৪ ডেস্ক: পয়লা বৈশাখের সরকারি ছুটির দিনেও রাজধানী ঢাকাজুড়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ যানবাহনের লাইন ও চরম ভোগান্তি। বিভিন্ন স্থানে চালকদের ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। ছুটির কারণে অনেক পেট্রোল পাম্প বন্ধ থাকায় চালু থাকা পাম্পগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হয়।

তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প এবং মাতুয়াইলের খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনসহ একাধিক স্থানে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

সকাল থেকে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লাইন মহাখালী পর্যন্ত এবং প্রাইভেট কারের লাইন নাখালপাড়া পর্যন্ত পৌঁছে যায় বলে জানিয়েছেন উপস্থিত চালকরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও জ্বালানি নিতে পারেননি।

লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালক প্রান্ত কুমার বলেন, মোটরসাইকেলের লাইন মহাখালী পর্যন্ত চলে গেছে। তেল নিতে ৫-৬ ঘণ্টা লাগছে। একই ধরনের ভোগান্তির কথা জানান আরেক চালক সুজন, যিনি জানান সকাল থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন এবং আরও সময় লাগতে পারে।

এদিকে আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশন-এও একই পরিস্থিতি দেখা গেছে। পাশাপাশি মাতুয়াইলের পাম্পেও দীর্ঘ যানজট ও অপেক্ষার চিত্র ছিল।

জানা গেছে, পয়লা বৈশাখ উপলক্ষে অনেক পাম্প বন্ধ থাকায় চালু থাকা স্টেশনগুলোতে অতিরিক্ত চাপ পড়েছে। একই সঙ্গে নতুনভাবে চালু হওয়া কিউআর কোডভিত্তিক অ্যাপ ‘ফুয়েল পাশ’ ব্যবহারের কারণে বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন এসেছে।

এই অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট স্টেশনগুলোতে মোটরসাইকেল চালকরা সর্বোচ্চ নির্ধারিত পরিমাণ জ্বালানি নিতে পারছেন, অন্যদিকে অ্যাপ ছাড়া সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চলমান জ্বালানি তেল রেশনিং ব্যবস্থা এবং বাজারে চাহিদা বৃদ্ধির কারণে রাজধানীতে এমন ভোগান্তি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আগে থেকেই রেশনিং প্রক্রিয়া চালু রেখেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪