| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশু অধিকার রক্ষায় বর্তমান সরকার সচেতন: সমাজকল্যাণমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৩:৪১:৪৬:অপরাহ্ন  |  ৪৭১৬৭ বার পঠিত
শিশু অধিকার রক্ষায় বর্তমান সরকার সচেতন: সমাজকল্যাণমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশকে শিশুদের জন্য উপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং শিশুদের অধিকার নিশ্চিত করতে সরকার অত্যন্ত সচেতনভাবে কাজ করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন। অনুষ্ঠানের শুরুতে নববর্ষকে স্বাগত জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরের সূচনা করা হয়।

মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর উপলব্ধি করেছিলেন যে ভবিষ্যৎ প্রজন্মকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে শিশুদের যথাযথ পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সেই লক্ষ্যেই তিনি বাংলাদেশ শিশু একাডেমি ও শিশু পার্ক প্রতিষ্ঠা করেন এবং এর কার্যক্রম জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। লেখাপড়ার পাশাপাশি শিশুদের মননশীলতা, চিন্তার বিকাশ ও নেতৃত্বগুণ তৈরিতে কাজ চলছে বলে তিনি দাবি করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ১৪৩৩ বঙ্গাব্দ দেশবাসীকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

সভাপতির বক্তব্যে সচিব ইয়াসমীন পারভীন বলেন, পহেলা বৈশাখ পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার এক অনন্য উপলক্ষ, যা জীবনে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। তিনি শিশু একাডেমির বিভিন্ন আয়োজনকে শিশুদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন এবং সৃজনশীল বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোছা. আরজু আরা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা।

আলোচনা শেষে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪