ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের বন্দরগুলোয় যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধকে ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’ বলে কঠোর ভাষায় নিন্দা করেছে চীন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, এই অবরোধ কেবলমাত্র আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াবে এবং ইতোমধ্যেই নাজুক অবস্থায় থাকা যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করে দেবে।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক এবং দায়িত্বহীন আচরণ।
গতকাল সোমবার থেকে ইরানের বন্দরগুলোয় যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ কার্যকর হয়। এর আগের দিন পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেঙে যায়।
এদিকে, ইরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে যাচ্ছে চীন, মার্কিন সংবাদমাধ্যমগুলো এমন প্রতিবেদন প্রকাশের পর সেটি নাকচ করেছে দেশটি। চীন বলেছে, এমন দাবি সম্পূর্ণভাবে ‘ভিত্তিহীন’।
এই প্রতিবেদন সামনে আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, বেইজিং যদি তেহরানকে সামরিক সহায়তা দেয় তবে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এর জবাবে গুও জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্র যদি এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপে অনড় থাকে, তাহলে চীন অবশ্যই দৃঢ় পাল্টা ব্যবস্থা নেবে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে চীন। ফলে এই সংঘাত দ্রুত শেষ হওয়া এবং আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফিরে আসা বেইজিংয়ের স্বার্থে গুরুত্বপূর্ণ। সূত্র: বিবিসি
রিপোর্টার্স২৪/ধ্রুব