রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে দূষণের চাপে থাকা মেগাসিটি ঢাকাও সেই তালিকা থেকে বাদ পড়েনি। সাম্প্রতিক তথ্যে আবারও প্রমাণ মিলেছে নাগরিকদের জন্য রাজধানীর বাতাস ক্রমেই হয়ে উঠছে অস্বাস্থ্যকর।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir প্রকাশিত তথ্য অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৪৭ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০ম অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত বহন করে।
তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে একিউআই স্কোর দাঁড়িয়েছে ৩১০—যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ২২১ এবং তৃতীয় স্থানে থাকা সেনেগালের রাজধানী ডাকার-এর স্কোর ২২০, যা উভয়ই ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এছাড়া চতুর্থ স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, যার একিউআই স্কোর ১৯২। পঞ্চম অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই শহরের স্কোর ১৮৩—যা নাগরিকদের জন্য উল্লেখযোগ্য স্বাস্থ্যঝুঁকির বার্তা দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত থাকলে বায়ুমান ‘ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, আর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই থাকলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়, পাশাপাশি অন্যদেরও বাইরে কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানানো হয়। আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
পরিবেশবিদরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকাসহ বিশ্বের বড় শহরগুলোতে বায়ুদূষণ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম