রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাবে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নতুন দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, যা দেশের বাজারে স্বর্ণের দামে নতুন উচ্চতা যোগ করেছে।
বাজুসের তথ্যানুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যা বাজারের অস্থিরতারই প্রতিফলন।
এর আগে সর্বশেষ গত ৯ এপ্রিল স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে দেশের বাজারেও স্বর্ণের দাম আরও বাড়তে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম