রিপোর্টার্স২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। সরকারি কার্যক্রম সচল রাখার পাশাপাশি জ্বালানি তেলের ব্যবহার কমাতে প্রশাসনের সব স্তরে ভার্চুয়াল কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সরকারি কার্যক্রম যেন নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালিত হয়, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, মন্ত্রণালয় ও বিভাগগুলো আয়োজিত বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করতে হবে। বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায়ের এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ ভার্চুয়াল মাধ্যমেই সম্পন্ন করার কথা বলা হয়েছে।
এছাড়া একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহার করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যানবাহনের ব্যবহার কমিয়ে জ্বালানি সাশ্রয় করা সম্ভব হয়।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম