রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার। এর মধ্যে বৃত্তির অর্থের পরিমাণ এবং কতজন শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে তা পুনরায় পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সরকারের মূল লক্ষ্য হলো বৃত্তির মতো উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা।
পরিদর্শনের বিষয়ে তিনি জানান, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তা নিশ্চিত করতেই কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়েছে। বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি জানান, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সারাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত পাওয়া প্রতিবেদনগুলো ইতিবাচক।
তবে কিছু পরীক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের আরও উৎসাহিত করতে নতুন উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে, যাতে বৃত্তি কার্যক্রম আরও কার্যকর ও আকর্ষণীয় হয়।
শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্য তুলে ধরে তিনি জানান, সরকারের উদ্দেশ্য হলো দেশের শিক্ষার হারকে ৯৬ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমও জোরদার করা হচ্ছে।
পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম